১৯ নভেম্বর ২০২৬ ইং ঢাকা: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও জনদুর্ভোগের আশঙ্কায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দীন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ঢাকা জেলা উত্তরের বিভিন্ন এলাকার সড়কে নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করতে দেখা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ছিল।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা মাঠপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে দেশের সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন বলেও গণমাধ্যমকর্মীদের জানান।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং কোনো ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলার শিকার না হন, সে লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।
এদিকে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।




