নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হয়েছে। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নিরপেক্ষ তদন্ত, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। গত ৯ নভেম্বর বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
পরিবারের অভিযোগ, প্রথম থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করতে চাইলেও পুলিশ শুরুতে অপমৃত্যুর মামলা গ্রহণ করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন থেকেই নুহার পরিবার হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছে। অথচ নয় দিন পার হলেও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।




