সিরাজগঞ্জে ৩ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, চলছে ব্যাপক প্রস্তুতি

সিরাজগঞ্জে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই ধর্মীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে ইতোমধ্যে মাঠ প্রস্তুতিসহ সার্বিক কার্যক্রম শুরু করেছেন আয়োজকরা।

 

তাবলীগ জামাতের উদ্যোগে আয়োজিত এই জেলা ইজতেমা সিরাজগঞ্জের নির্ধারিত ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও জেলার ৯টি উপজেলা ছাড়াও পাবনা, বগুড়া ও টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। দ্বীনি বয়ান, তালিম ও আলোচনা চলবে তিন দিন ধরে। আগামী ৫ ডিসেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

 

সরেজমিনে দেখা যায়, ইজতেমা মাঠে এখন চলছে কর্মযজ্ঞ। স্বেচ্ছাসেবী মুসল্লিরা মাঠ সমতল করা, বাঁশ ও সামিয়ানা টানানো এবং মঞ্চ নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

 

ইজতেমা বাস্তবায়ন কমিটির এক জিম্মাদার জানান, “আমরা চেষ্টা করছি মুসল্লিদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে। ওজু-গোসলের জন্য পর্যাপ্ত পানি, টয়লেট, বিদ্যুৎ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে।”

 

এদিকে ইজতেমা উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে।

 

ইজতেমাকে ঘিরে সিরাজগঞ্জের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top