ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন গ্রামে রাত নামলেই আকাশে উড়ছে রহস্যজনক ড্রোন। এতে জনগণের মাঝে ডাকাতির আশঙ্কা ও গুজব ছড়িয়ে পড়ছে।
উপজেলার রসূলুল্লাবাদ, ইব্রাহিমপুর, জিনোদ পুর, শ্রীরামপুর, আলিয়াবাদ ও বিভিন্ন গ্রামে রাতের বেলায় আকাশে ড্রোন উড়তে দেখা যাচ্ছে। কারা এই ড্রোন উড়াচ্ছে ও তাদের উদ্দেশ্য কি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর মনে গুজব ছড়াচ্ছে যেখানে এই ড্রোন উড়ছে সেসব জায়গাতেই ডাকাতি হচ্ছে। এছাড়া রাতের বেলায় বিভিন্ন গ্রামের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে ডাকাতি হচ্ছে।এতে এলাকার জনগণ নির্ঘুম রাত কাটাচ্ছে ও পাহাড়া দিচ্ছে ডাকাতদের ধরার জন্য।
এ ব্যাপারে রসূলুল্লাবাদ গ্রামের বাসিন্দা শাকিল মিয়াকে প্রশ্ন করা হলে, তিনি জানান আমাদের গ্রামে আকাশে ড্রোন উড়তে দেখা যাচ্ছে। মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হচ্ছে। এতে আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ও আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি।
বিভিন্ন গ্রামের বাসিন্দারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রাতের বেলায় আকাশে ড্রোন উড়ানোর রহস্য কি এবং কারা এ কাজ করছে,তাদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে নবীনগর থানার ওসিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমরা বিষয়টি শুনেছি। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি ও রাতের বেলায় বিভিন্ন গ্রামে টহল দেওয়ার ব্যবস্থা করছি। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।




