দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২০ শাখায় অগ্নিসংযোগ, উদ্বেগ কর্তৃপক্ষের

দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২০টি শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

এর মধ্যে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শাখাটির সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুরের পাশাপাশি হার্ডডিস্ক নিয়ে যাওয়া হয়। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যায়।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, এসব ঘটনা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়, বরং দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনের ওপরও আঘাত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রচলিত আইন অনুযায়ী, ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। পরিচালনা বোর্ডে ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালকের প্রতিনিধিত্বের বিধান রয়েছে।

অর্থাৎ, গ্রামীণ ব্যাংকের সদস্যরা শুধু ঋণগ্রহীতা নন, তাঁরাই এই প্রতিষ্ঠানের প্রধান মালিক ও অন্যতম অংশীদার। ফলে ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের অর্থ তাঁদের নিজেদের সম্পদ, অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করা।

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সূচনা হয়। দীর্ঘ পাঁচ দশকে প্রতিষ্ঠানটি দেশের কোটি মানুষের আশা, আস্থা ও আত্মনির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। জামানতবিহীন ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র সঞ্চয় এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কৃষি, পশুপালন ও গ্রামীণ উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্যাংকটি।

ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। এর বিস্তৃত কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য পরিবারের জীবিকা, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।

কর্তৃপক্ষের মতে, একটি শাখা পুড়ে গেলে শুধু আসবাবপত্র, কম্পিউটার কিংবা নথিপত্র নষ্ট হয় না, বিঘ্নিত হতে পারে অসংখ্য দরিদ্র মানুষের প্রয়োজনীয় আর্থিক সেবা। এতে ক্ষতিগ্রস্ত হন নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ সদস্যরা, যাঁদের আত্মনির্ভরতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখা অথবা অনুমোদিত ব্যাংক প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এসব ঘটনায় সার্বিক সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। পাশাপাশি ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের রয়েছে গৌরবময় সেবার ইতিহাস। প্রতিষ্ঠানটি জাতীয় সম্পদ, একই সঙ্গে আন্তর্জাতিক সম্পদ। সমাজ ও বিশ্বের প্রতি এর অবদান ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশের মানুষ ও সরকারকে প্রতিষ্ঠানটি রক্ষায় একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, যাতে দেশ ও বিশ্বের সেবায় এর কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top