চিতলমারীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ, বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে নিজের বাবা আশরাফ আলী শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছেলে মো. জামসেদ আলী। বাবার বিরুদ্ধে তাঁকে পালকপুত্র হিসেবে প্রচার করা, সন্তান হিসেবে অস্বীকার করা এবং প্রায় পাঁচ কোটি টাকা বাজারমূল্যের জমি বোনের নামে লিখে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন রোজিনা স্টিলের শোরুমের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জামসেদ আলীর পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশ।
লিখিত বক্তব্যে মো. জামসেদ আলী দাবি করেন, তিনি চিতলমারী উপজেলার মহিলা কলেজ রোডসংলগ্ন আডুয়াবর্নি গ্রামের বাসিন্দা আশরাফ আলী শেখের একমাত্র ছেলে। তাঁর বোনের নাম জুথি আক্তার। তাঁরা দুই ভাই-বোন। তাঁর মা জাহানারা বেগম সরকারি হাসপাতালের একজন সেবিকা ছিলেন। ২০২৪ সালের ১৭ মার্চ তাঁর মা মারা যান।
জামসেদ আলীর অভিযোগ, মায়ের মৃত্যুর পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে বাবা আশরাফ আলী শেখের সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ ও মতানৈক্য দেখা দেয়। পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় বাবা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেন। পাশাপাশি তিনি জামসেদকে নিজের সন্তান না বলে পালকপুত্র হিসেবে বিভিন্ন মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে তাঁর বাবা আশরাফ আলী শেখ মেয়ে জুথি আক্তারের নামে ৩ একর ৪ শতক জমি লিখে দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
জামসেদ আলী বলেন, তাঁর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদসহ সব গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত নথিতে পিতা হিসেবে আশরাফ আলী শেখের নাম উল্লেখ রয়েছে। এসব নথি থাকা সত্ত্বেও তাঁকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, তাঁর মায়ের মৃত্যুর পর মায়ের ব্যাংকে জমা থাকা অর্থ উত্তোলনের জন্য বাবা আশরাফ আলী শেখ বাদী হয়ে বাগেরহাটের জেলা ডেলিগেট আদালতে একটি সাকসেশন মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে মায়ের জমাকৃত অর্থের আইনগত হিস্যা অনুযায়ী সন্তান হিসেবে তিনিও অংশ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
জামসেদের অভিযোগ, আদালতের রায়ের পরও তাঁর বাবা সম্পত্তির ন্যায্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো এবং থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামসেদ আলী সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাঁর পারিবারিক বিরোধের প্রকৃত ঘটনা ও বক্তব্য সংবাদমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। একই সঙ্গে নিজের পিতৃপরিচয়, ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় লিয়াকত আলী খান মন্টু, জালাল শেখ, মোহন আলী খান, রবিউল ইসলাম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত বাবা আশরাফ আলী শেখের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top