যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামে ট্রাকের চাপায় গুরুতর আহত কিশোর মোশারফের পাশে দাঁড়িয়েছেন আলোকিত নারী সংগঠনের সভাপতি ও মেয়র প্রার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম।
তিনি আহত কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
আলোকিত নারী সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, কিছুদিন আগে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের রবিউলের ছেলে মোশারফ। এ সময় ট্রাকের চাপায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার যথাযথ চিকিৎসা ব্যাহত হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ্জোহা সেলিম তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহত কিশোরকে দেখতে যান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইস্তেহাক আহম্মেদ শাওন, যুবদল নেতা উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি।
তারা আহত মোশারফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।”
এ সময় পৌর যুবদলের নেতারা বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কাজে অংশ নিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।




