চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হলে ইউনিয়নের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র জনমুখী করা হবে: ইঞ্জিঃ আব্দুল বাতেন মানুষের পাশে দাঁড়ানোই জনসেবার অন্যতম বড় দৃষ্টান্ত। সেই মানবিক দায়িত্ববোধ থেকে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে ভাদসা ইউনিয়নের আদর্শ গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমির খসরু হীরকের উদ্যোগে এ চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন বলেন, “আমরা চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হলে ইউনিয়নের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র জনমুখী করা হবে। সাধারণ মানুষ যেন সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমির খসরু হীরক।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ফিরোজ হোসেন, যুবনেতা শফিকুল ইসলাম শাকিল, রিপন, আবির, মেহেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এ চিকিৎসাসেবা ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায় নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী মা প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।
স্থানীয় অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অর্থাভাবে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এমন আয়োজন কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো হয়ে উঠেছে।




