মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা, মামলা বাণিজ্য ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ওসি আবুল কালাম আজাদ দায়িত্ব পালনকালে নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় হয়রানি করছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সখ্যতা বজায় রেখে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তাদের দাবি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বক্তারা আরও অভিযোগ করেন, নিরীহ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে।
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে ওসি আবুল কালাম আজাদের ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য ডিজিটাল আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তদন্তের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস মাতুব্বর, বিএনপি নেতা সাইদ, জেলা কর্মজীবী দলের সদস্য সচিব সুজন হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা অবিলম্বে ওসি আবুল কালাম আজাদকে মাদারীপুর সদর থানা থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




