ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন ও দুটি মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকেরা

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের গাছা এলাকায়
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা
 আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুটি মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
শ্রমিক অসন্তোষের কারণে আজ সকালে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুরের গাছা এলাকায় আজ মঙ্গলবার সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। গতকালও মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় তাঁরা দিনভর বিক্ষোভ করেন।
আজ সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে অবস্থান নেন।
আজ সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবার সড়কে নামবেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top