সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভৌবারী ইউনিয়নের লাউরকুনি এলাকার কাপনা খালের ওপর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাসেবী সংগঠন লাউরকুনি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর অর্থায়নে সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি নির্মিত হলে ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালের ওপর কোনো স্থায়ী সেতু বা পারাপারের উপযুক্ত ব্যবস্থা না থাকায় এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে খালের পানি বেড়ে গেলে পারাপারে চরম ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্করা। অনেক সময় সাঁতার কেটে কিংবা নৌকার মাধ্যমে খাল পার হতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এলাকার কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠন লাউরকুনি সমাজকল্যাণ পরিষদ ও এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নেন।
এলাকাবাসীর সহযোগিতা ও সংগঠনের অর্থায়নে বাঁশ দিয়ে খালের ওপর সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। সাঁকোটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা হাটবাজারে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে সুবিধা পাবেন। এতে সময় ও আর্থিক ক্ষতি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
লাউরকুনি সমাজকল্যাণ পরিষদের সভাপতি শাহাদাত হোসেন জানান, কাপনা খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। আপাতত বাঁশের সাঁকো নির্মাণ করা হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
ভৌবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন বলেন, আমরা এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু করেছি। তবে মানুষের স্থায়ী দুর্ভোগ নিরসনে কাপনা খালের ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে বড় বড় সমস্যারও সমাধান সম্ভব। তবে এই দুর্ভোগপূর্ণ স্থানে স্থায়ী পাকা সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ প্রয়োজন।




