কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার ও এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলামসহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষক মোমবাতির মতো, নিজের আলোয় অন্যকে আলোকিত করেন।
সংবর্ধিত শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার বলেন, এ অর্জন তাঁর একার নয়, বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top