গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাঁজিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে। এটি প্রান্তিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




