পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে এক প্রবাসফেরত তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের সামনের অংশের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারাজের মৃত্যু হয়। অপর আরোহী গুরুতর আহত হন।

নিহত মো. ফারাজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে থানার এএসআই বেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top