ইজিবাইকের স্টিয়ারিংয়ে সংসারের হাল, মানবিকতার হাত বাড়ালেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ

অসহায়ত্ব নয়, সম্মান নিয়ে বাঁচার লড়াইয়ে সাবেক ছাত্রদল নেতা মুকুলের পাশে দাঁড়াল জেলা পরিষদ
একসময় রাজপথে ছাত্ররাজনীতির পরিচিত মুখ, দায়িত্ব পালন করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে। সময়ের পরিবর্তনে রাজনৈতিক পরিচয়ের আড়ালে জীবনের বাস্তবতা আজ অনেক কঠিন। পরিবারের মুখে হাসি ফোটাতে এখন ইজিবাইকের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুল। তাঁর জীবনের এই সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা পরিষদ।
সোমবার সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ ছাত্রদলের নেতাকর্মী ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর আগে মুকুলের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের। এরপর তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুকুল। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। কিন্তু রাজনীতির পরিচিত মুখ হয়েও জীবনের বাস্তবতায় থেমে থাকেননি তিনি। পরিবারের দায়িত্ব ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে পেশা হিসেবে বেছে নিয়েছেন ইজিবাইক চালানোকে। কারও কাছে হাত না পেতে নিজের শ্রমে সংসার চালানোর এই সংগ্রাম যেন আত্মসম্মান ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।
মুকুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মণ্ডলের ছেলে।
মানবিক এই উদ্যোগ শুধু ৩০ হাজার টাকার একটি চেক হস্তান্তর নয়; বরং জীবনের কঠিন সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক বার্তা। রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের অবস্থান নয়, একজন মানুষের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবিকতার পরিচয়—জেলা পরিষদের এই উদ্যোগ যেন সেই কথাই আবারও মনে করিয়ে দিল।
মানুষ মানুষের জন্য দুঃসময়ে বাড়ানো একটি সহানুভূতির হাতও হয়ে উঠতে পারে নতুন করে বাঁচার অনুপ্রেরণা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top