সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এখন সময়ের দাবি

দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোকে গতিশীল করতে মেধাবী ও শিক্ষিত তরুণ সমাজের অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা (৩২ বছর) দেশের লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার তরুণের জন্য এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও বৃদ্ধি করে অন্তত ৩৫ বা ৪০ বছর করা এখন সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।
আমাদের দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সেশনজট, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন অস্থিতিশীলতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান কয়েকটি বছর ঝরে যায়। ফলে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতেই অনেকের বয়স ২৭ থেকে ২৮ বছর পেরিয়ে যায়। এরপর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতায় আরও দুই থেকে তিন বছর লেগে যায়। ফলে একজন শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতা প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাওয়ার আগেই চাকরির বয়সসীমা হারিয়ে ফেলেন।
অন্যদিকে,

বিশ্বের অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর কিংবা তদূর্ধ্ব। এমনকি অনেক দেশে বয়সের কোনো নির্দিষ্ট সীমারেখাই নেই, সেখানে যোগ্যতাই একমাত্র মাপকাঠি। অথচ আমাদের দেশে বয়সের এই সীমাবদ্ধতার কারণে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী চরম হতাশায় নিমজ্জিত হচ্ছেন, যা প্রকারান্তরে দেশের মেধা পাচার ও কর্মক্ষম জনশক্তির অপচয় ঘটাচ্ছে।
বয়সসীমা বৃদ্ধি করা হলে রাষ্ট্রের কোনো আর্থিক ক্ষতি নেই; বরং প্রতিযোগিতার ক্ষেত্র প্রসারিত হওয়ায় সরকার আরও বেশি দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী কর্মী বাছাই করার সুযোগ পাবে।
অতএব, দেশের লাখ লাখ শিক্ষিত বেকার যুবসমাজের ভবিষ্যৎ, পারিবারিক ও সামাজিক বাস্তবতা এবং বৈশ্বিক মানদণ্ড বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ ও মানবিক সিদ্ধান্ত কামনা করছি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top