কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে তরুণের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলাম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top