যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও ডিলারশিপ না পাওয়ার অভিযোগ; কৃষি অফিসের তালিকায় প্রথম স্থানে থেকেও নিয়োগ না পাওয়ায় সংবাদ সম্মেলন।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করেও ডিলারশিপ না পাওয়ার অভিযোগ তুলেছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সিকদার। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ সিকদার জানান, তিনি বুড়াইচ ইউনিয়নের সিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়কসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপ পাওয়ার জন্য সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়াসহ নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। এমনকি উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথম স্থানে থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ দেওয়া হয়নি।
অথচ তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা একটি পরিবারের একজনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত যোগ্যতা ও নির্ধারিত শর্ত যথাযথভাবে যাচাই না করে অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজের যোগ্যতার বিষয়ে আহমেদ সিকদার বলেন, তাঁর নিজস্ব দুইতলা ভবন রয়েছে। ভবনটির নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের উপযোগী। গুদামটি মূল সড়কের পাশে অবস্থিত হওয়ায় সার পরিবহন, মালামাল ওঠানামা ও সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও কাগজপত্র থাকার পরও তাঁকে কেন ডিলারশিপ থেকে বঞ্চিত করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, উপজেলা কৃষি অফিসের তালিকায় প্রথম স্থানে থাকার পরও তাঁর আবেদন কেন উপেক্ষা করা হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণের বিষয়টিও পুনরায় যাচাই করা উচিত।
আহমেদ সিকদার বলেন, “আমি কোনো বিশেষ রাজনৈতিক সুবিধা চাই না। আমি চাই সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত যোগ্য ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়া হোক। কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি কিংবা কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।”
সংবাদ সম্মেলন থেকে তিনি বুড়াইচ ইউনিয়নের সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত, আবেদনকারীদের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




