জামদিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবি, উপকৃত হবে কয়েক লাখ মানুষ

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে স্টেশনটিতে ট্রেন থামানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা–যশোর রেলপথের অন্তর্গত জামদিয়া রেলওয়ে স্টেশনটি চালু হলে বাঘারপাড়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা।

জামদিয়া ইউনিয়নের জামদিয়া, সাইটখালী, আরপাড়া, পুকুরিয়া, করিমপুর, বলরামপুর, ভিটাবল্যা, শংকরপুর, মেঘলা, ভাটামারা, চাতরা, দহকুলা, নলডাঙ্গা, জয় নগর ও আমবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ এ স্টেশন থেকে সুবিধা পেতে পারেন। এ ছাড়া দরাজহাট, জহুরপুর, নারিকেলবাড়িয়া, বন্দবিলা, খাজুরা, ভাঙ্গুড়া ও বাঘারপাড়া সদরসহ আশপাশের এলাকার মানুষের জন্যও স্টেশনটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হয়ে উঠতে পারে।

স্থানীয়দের দাবি, প্রায় ৪০ থেকে ৫০টি গ্রামের কয়েক লাখ মানুষ এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু হলে সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমানে এসব এলাকার মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য দূরবর্তী স্টেশন ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

এ ছাড়া বাঘারপাড়া একটি কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের ক্ষেত্রেও জামদিয়া স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রেনের যাত্রাবিরতি চালু হলে কৃষক ও ব্যবসায়ীরা স্বল্প খরচে পণ্য পরিবহনের সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

এলাকাবাসীর মতে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত রেল অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জামদিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু করা প্রয়োজন। জনসাধারণের যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে এখানে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

এ অবস্থায় জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে জামদিয়া রেলওয়ে স্টেশনে দ্রুত ট্রেনের যাত্রাবিরতি চালুর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তাদের প্রত্যাশা—রেলপথ হয়েছে, স্টেশন হয়েছে; এবার জামদিয়া স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করা হোক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top