জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি, কালিগঞ্জে পরিবেশকর্মীদের মানববন্ধন

‘কয়লা পোড়ানো বন্ধ করো, পৃথিবীটাকে রক্ষা করো’এমন প্রতিবাদী স্লোগানে জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বানে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে জনকল্যাণ সংস্থার আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কয়লা, তেল ও গ্যাসনির্ভর জ্বালানি ব্যবস্থার পরিবর্তনে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড ও অপরিকল্পিত জ্বালানি নীতির কারণে বিশ্বব্যাপী জলবায়ু সংকট আরও ঘনীভূত হচ্ছে। এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশের উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী।জনকল্যাণ সংস্থার পরিচালক মারুফ হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কেবল প্রতিশ্রুতি দিলেই চলবে না, প্রয়োজন বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ। জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ ও নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তিসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, পৃথিবী কোনো জীবাশ্ম জ্বালানি কোম্পানির মুনাফা অর্জনের হাতিয়ার হতে পারে না। মানুষের জীবন, প্রকৃতির ভারসাম্য এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশবান্ধব জ্বালানি নীতি গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।মানববন্ধন থেকে তরুণ জলবায়ুকর্মীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায়সংগত উত্তরণ, পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top