কটিয়াদীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসার তিনতলার ছাদ থেকে পড়ে অদ্রি বর্মন (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছাদে সহপাঠীদের সঙ্গে নয়, পরিবারের ভাষ্য অনুযায়ী, নিজেই কানামাছি খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
নিহত অদ্রি বর্মন স্থানীয় লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সুভাষ বর্মন পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি একসময় কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজেদের বাসার তিনতলার ছাদে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।
নয় বছর বয়সী অদ্রির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top