ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস আজ: দেশের প্রথম মুক্তাঞ্চলে গৌরবের ১৪ নভেম্বর

আজ ১৪ নভেম্বর, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তুমুল যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে সম্পূর্ণ মুক্ত হয় ভূরুঙ্গামারী। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অত্যন্ত বিশেষ ও তাৎপর্যপূর্ণ; কারণ সমগ্র দেশের স্বাধীনতা অর্জনের প্রায় এক মাস আগেই শত্রুমুক্ত হয়েছিল এই জনপদ। শুধু তাই নয়, স্থানীয় ইতিহাসের তথ্য অনুযায়ী—দেশের মাটিতে প্রথমবারের মতো এই ভূরুঙ্গামারীতেই স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

 

মুক্তির নেপথ্য ইতিহাস ও ত্রিমুখী আক্রমণ:

 

১৯৭১ সালের ১৩ নভেম্বর রাতভর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাব-সেক্টরের পরিকল্পনা অনুযায়ী, ভূরুঙ্গামারীর দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে একযোগে ত্রিমুখী আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী যৌথ বাহিনীর প্রবল আক্রমণে টিকতে না পেরে ভোর হওয়ার আগেই ভূরুঙ্গামারী ছেড়ে পালিয়ে পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় গিয়ে অবস্থান নেয় পাকিস্তানি সেনারা।

 

এর আগে ১৩ নভেম্বর থেকেই মিত্রবাহিনীর কামান ও মর্টারসহ ভারী অস্ত্রের গোমর্ষণে কেঁপে ওঠে ভূরুঙ্গামারী। একই সঙ্গে আকাশে চক্কর দিতে থাকে ভারতীয় যুদ্ধবিমান। সারারাত তীব্র যুদ্ধের পর ১৪ নভেম্বর ভোরে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকালে স্বাধীনতাকামী মুক্তিকামী জনতা ও মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। তারা ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে এসে পৌঁছান এবং সেখানে সগৌরবে উত্তোলন করেন বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজের জাতীয় পতাকা।

 

যুদ্ধে ক্ষয়ক্ষতি ও ঐতিহাসিক উদ্ধার অভিযান:

 

স্থানীয়ভাবে প্রচলিত মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, এই বীরত্বপূর্ণ লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন সেনা যৌথ বাহিনীর হাতে আটক হন।

 

মুক্ত ভূরুঙ্গামারীতে প্রবেশের পর মুক্তিযোদ্ধারা এক মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হন। তৎকালীন সিও-র বাসভবন (বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন) এবং ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের তালাবদ্ধ বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকজন নির্যাতিত নারীকে উদ্ধার করা হয়। বর্বরতার শিকার ওই নারীদের অনেকেই ছিলেন পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাদের এই উদ্ধার অভিযান একাত্তরের নারকীয় পাকিস্তানি নির্যাতনের এক নির্মম ঐতিহাসিক দলিল।

 

যথাযোগ্য মর্যাদায় দিবস উদ্‌যাপন:

 

প্রতি বছরের মতো এবারও ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদারমুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বিজয়ের এই গৌরবময় ইতিহাস ও ভূরুঙ্গামারীর প্রথম হানাদারমুক্ত হওয়ার স্মৃতি নতুন প্রজন্মের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সবসময় অনুপ্রেরণা জোগায়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top