পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবোঝাই থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তাঁর ৮ বছর বয়সী কন্যা আল আকসা সুমাইয়া সম্প্রীতি। নিহত অপরজন হলেন দেবীগঞ্জের পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে। এতে চালকসহ ৮ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের মধ্যে মাহমুদা ও তাঁর মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানিয়েছেন, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি দুর্ঘটনায় নিভে গেল তিনটি প্রাণ। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা।




