সরাইলে সংযোগসেতুর অভাবে ৫০ থেকে ৬০ হাজার মানুষের দুর্ভোগের অন্ত নেই

সরাইলের নাইলা ও শোলাবাড়ি সংযোগসেতু  না থাকায় ভোগান্তির অন্ত নেই ৫০ থেকে ৬০হাজার  মানুষের। ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের  নাইলা ও শোলাবাড়ি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া  জাফর খালের উপর  প্রায় ২৫ বছর যাবত  একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে  পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের প্রায় ২০ গ্রামের হাজার হাজার  মানুষ। প্রায়  দুইযুগ ধরে নিজেদের খরচে বাশের সাকো নির্মাণ করে ব্যবহার করে আসছে এলাকাবাসী । খালটি সরাইল উপজেলার পশ্চিমে পানিশ্বর ইউনিয়ন  ঘিরে  মেঘনা নদী থেকে শুরু  হয়ে  উপজেলার তিতাস নদীতে  মিলিত হয়েছে।
পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের  পানিশ্বর  বাজার, পানিশ্বর স্কুল অ্যান্ড কলেজ, পানিশ্বর মাদানিয়া আলিম মাদ্রাসা, শাখাইতি, তারাখলা,  নাইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিশ্বর পুরান বাজার, পানিশ্বর সামসুল আলম উচ্চবিদ্যালয়, বেড়তলা উচ্চবিদ্যালয় এবং শোলাবাড়ি, বিটঘর, বড়ইবাড়ি, বেড়তলা ও শিতাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। একাধিক মসজিদ, মাদ্রাসা, মক্তবসহ বৃহত্তর জনগোষ্ঠীর এলাকা এটি।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত  চেয়ারম্যান তৌহিদ মিয়া জানান,  এখানকার ৫০থেকে ৬০ হাজার মানুষ এই খাল পার হয়ে উপজেলা ও জেলা সদরসহ অন্যান্য স্থানে  যাতায়াত করে থাকেন। এ বৃহত্তর জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এখানে সেতু না থাকায় চরম ভোগান্তিতে রয়েছে  ১৫ থেকে ২০ গ্রামের মানুষ । এব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হলেও নেই কোন উদ্যোগ। জনস্বার্থে এখানে সেতু নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয়দের মধ্যে  হাসান (৩৪), মমিন (৫৫), তারেক  (৪০), হাবিব (৬০),তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ থেকে ২৫ বছর ধরে স্থানীয় লোকজন নাইলা ও শোলাবাড়ি গ্রামের মাঝামাঝি জাফর খালের ওপর প্রতিবছর লাখ লাখ টাকা ব্যয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকার বৃহত্তর জনগোষ্ঠী। নৌকা চলাচলের জন্য সাঁকোটি উঁচু করে নির্মাণ করতে হয়। এতে নারী, শিশু ও বয়স্কদের পারাপারে ঝুঁকি বাড়ে। সাঁকো নির্মাতারা পারাপারে জনপ্রতি পাঁচ টাকা নেন। এই উচু সেতু পারাপারে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীনসহ ঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক পুরুষ, মহিলা এবং গর্ভবতী মায়েরা।
বর্ষাকালে পানির প্রবলবেগে  সাঁকো ভেঙে গেলেও  বছরে সাত-আট মাস এই সাঁকো দিয়েই পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর, শাখাইতি, নাইলা, শোলাবাড়ি, দেওবাড়িয়া, বিটঘর, সিমনা, শিতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা এবং চুন্টা ইউনিয়নের চুন্টা, বড়বল্লা, তারাখলা, রসুলপুর, আজবপুর, নরসিংহপুর ও নয়াহাটির বাসিন্দারা চলাচল করেন। প্রতিবছরই  সাঁকো থেকে পড়ে দুর্ঘটনা ও অঙ্গহানির ঘটে বলে স্থানীয়রা ইনকিলাবকে জানায়।
শাখাইতি গ্রামের বয়স্ক ব্যক্তি শাহজাহান (৭৭) বলেন, কয়েক বছর আগে এখানে বর্ষাকালে খালে পড়ে গিয়ে   দূর্ঘটনায়  দুজন মারা গেছেন। এ ছাড়া নাইলা গ্রামের খালেকের স্ত্রী বাঁশের সাঁকো থেকে পড়ে গুরুতর আহত হয়ে পরে মারা গেছেন।
এই স্থানে একটি সেতু নির্মাণের ব্যাপারে  স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা  সংশ্লিষ্ট দপ্তরে ডিও  লেটার দিয়েছেন বলে তার পিএস জানায়। তিনি বলেন, জনদূর্ভোগ লাঘবে ম্যাডামের নির্বাচনী প্রতিশ্রুতি ও ডিও লেটারের আলোকে শীঘ্রই সেতুর কাজ শুরু হবে।
স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ছিবগাত উল্লাহ ইনকিলাবকে বলেন, ওই স্থানে সেতুর নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দিয়েছেন। আমাদের এখান থেকেও প্রস্তাব পাঠানো হয়েছে।’আশা করছি শীঘ্রই অনুমোদন পাবে এবং কাজ শুরু হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top