ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে বালু উত্তোলনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় আনারুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৭ ধারায় মো. সোহাগ মিয়াকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অন্য একটি অপরাধে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর আওতায় রাসেল ও মহিদুল মিয়াকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




