যশোরের বাঘারপাড়া উপজেলার ৫ নম্বর ধলগ্রাম ইউনিয়ন পরিষদে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল—‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি।’
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে সাবেক ও সম্ভাব্য চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিজ নিজ এলাকার উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ঐক্য বজায় রাখতে হবে। নির্বাচনে মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাত বা বিভেদে রূপ না নেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ৫ নম্বর ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, পিএফজির আয়োজক কমিটির সদস্য মো. টিপু সুলতান, সাংবাদিক সাইদুর রহমান সাহিদ (দৈনিক দেশদৃষ্টি), ইসহাক কলেজের অধ্যাপক সাইদুর রহমান, বিএনপির ধলগ্রাম-বাসুয়াড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদুর জামান মঞ্জু, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, বীরপ্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক মোর্শেদ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মহিলা সদস্য ও প্রার্থী চয়না খাতুন (দশপাখিয়া), বর্তমান মহিলা সদস্য আর্জিনা (আন্দলবাড়ীয়া), জেসমিন (হাঘড়া) এবং ৫ নম্বর ধলগ্রাম ইউনিয়নের গ্রাম আদালত-সংশ্লিষ্ট মহিলা সদস্য আঞ্জুমান খাতুনসহ বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ নাগরিক।
সমাবেশে বক্তারা এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।




