নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়নের দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন এসরাফিল ইসলাম, ইউপি সদস্য গোলাম মাওলা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাফেজ বেগম, মৌসুমী আক্তার, লিপাসহ স্থানীয় ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি জমি দখল, সরকারি অর্থের অপব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে অপসারণ করা হয়েছে। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাঁকে অপসারণ করেছে বলে দাবি করেন বক্তারা।
তাঁরা বলেন, “আমরা অপসারিত চেয়ারম্যান গ্রেনেট বাবুকে আর ইউনিয়ন পরিষদের দায়িত্বে দেখতে চাই না। ইউনিয়নের সাধারণ মানুষের স্বার্থে বর্তমান প্যানেল চেয়ারম্যানকে বহাল রাখার দাবি জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, অপসারিত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। একই সঙ্গে তাঁকে বয়কটের ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে জনস্বার্থ, প্রশাসনিক স্বচ্ছতা ও সাধারণ মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে পরিচালনার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপসারিত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।




