যশোরের কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাঁরা যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৮ সাল থেকে গঠনতন্ত্র অনুযায়ী কেশবপুর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন। তবে নির্বাচন বানচাল ও প্রেসক্লাব ভবন দখলের উদ্দেশ্যে গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একদল ব্যক্তি প্রেসক্লাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ বুলবুল, মাহাবুব রশীদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, শামীম আক্তার মুকুল, ইমরান হোসেন ও রুহুল আমিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় সেখানে অবস্থানরত সাংবাদিকদের মারধর করে আহত করা হয় এবং তাঁদের প্রেসক্লাব ভবন থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, দৈনিক সময়ের খবরের সাংবাদিক মেহেদী হাসান জাহিদ এবং দৈনিক ইত্তেফাকের কেশবপুর প্রতিনিধি আশরাফ উজ জামান খান। এ ছাড়া দৈনিক সমকালের কেশবপুর প্রতিনিধি মোতাহার হোসাইন ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক দিলীপ মোদক স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
স্মারকলিপিতে বলা হয়, এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর কেশবপুর থানায় অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এখনো কোনো কার্যকর সমাধান হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে সে সময় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ওই নির্বাচনে দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান ও মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাংবাদিক তন্ময় মিত্র বাপি, শুশান্ত মল্লিক, অমিতাভ চৌধুরী, রোস্তম আলী, খমিনুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
স্মারকলিপিতে প্রেসক্লাব ভবন অবৈধ দখলমুক্ত, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।




