নড়াইলের লোহাগড়া উপজেলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক সাবানা খানম লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া লসকরপাড়ার ফারুক খানের স্ত্রী। পলাতক ফারুক খান একই গ্রামের সরোয়ার খানের ছেলে। আটক সাবানা পেশায় গৃহিণী এবং পলাতক ফারুক পেশায় রাজমিস্ত্রি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া লসকরপাড়ায় ফারুক খানের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিএনসি’র একটি দল।
অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে ঘরের ভেতর তল্লাশি করে পূর্বপাশে রাখা চৌকিতে লেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ফারুক খান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী সাবানা খানমকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালত গোলক মজুমদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানায় তারা স্বমী-স্ত্রী মিলে এক বছর ধরে লোহাগড়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে রাতেই লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।




