সাধারণত সুন্দরবন বলতেই চোখের সামনে ভেসে ওঠে অফুরান সবুজ ম্যানগ্রোভ বন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ আর জালের মতো ছড়িয়ে থাকা নদী-খালের এক অপরূপ জলজগৎ। তবে এই বনের গভীরেই লুকিয়ে রয়েছে কয়েক শতাব্দী আগের মানুষের বসতি ও এক সমৃদ্ধ জনপদের রোমাঞ্চকর ইতিহাস। খুলনার সুন্দরবনের শেখেরটেক এলাকায় অবস্থিত প্রায় সাড়ে তিন থেকে চার শ বছরের পুরোনো একটি প্রাচীন মন্দির ও দুর্গের ধ্বংসাবশেষ নতুন করে সামনে এনেছে এই অঞ্চলের অজানা অতীত।
খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের ১৬ নম্বর কম্পার্টমেন্টের শেখেরটেক এলাকায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির অবস্থান। শিবসা নদীর পূর্ব পারে শেখের খাল ও কালীর খালের মধ্যবর্তী দুর্গম এই জায়গায় পৌঁছাতে হয় খুলনা শহর থেকে নদীপথে প্রায় ৮৫ কিলোমিটার পাড়ি দিয়ে। সুন্দরবনের বাঘের বিচরণক্ষেত্রে অবস্থিত হওয়ায় স্থানীয় জেলে ও বনজীবীরা এই মন্দিরটিকে ‘বাঘের বাড়ি’ বলে ডাকেন। লোককথার নানা গুঞ্জনের বাইরেও এর স্থাপত্যশৈলী ইতিহাসবিদদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক মূল্যায়নে জানা যায়, তিন থেকে সাড়ে তিন শ বছর আগে নির্মিত এই মন্দিরে মোঘল আমলের স্থাপত্যের স্পষ্ট ছাপ রয়েছে। সে সময়ে হাতের তৈরি পাতলা ইট, শামুকের চুন এবং নদীর বালু ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছিল। এক গম্বুজবিশিষ্ট এই মন্দিরে রয়েছে চারচালা রীতির বিশেষ প্রভাব। এর দেওয়ালে দেখা মেলে দৃষ্টিনন্দন জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা ও পোড়ামাটির চমৎকার অলংকরণ। ভেতরের অংশটিতে রয়েছে একটি ছোট কুঠরি।
শেখেরটেকের ঐতিহাসিক গুরুত্ব কেবল একটি মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আশপাশে ছড়িয়ে থাকা ইটের দেয়াল, মাটির উঁচু ঢিবি এবং পুরোনো বসতভিটার বহু নিদর্শন প্রমাণ করে একসময় এখানে বড় ধরনের জনবসতি ছিল।
১৯১৪ সালে প্রকাশিত ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের বিখ্যাত গ্রন্থ ‘যশোহর-খুলনার ইতিহাস’-এ এই এলাকার প্রাচীন স্থাপনা ও দুর্গের ধ্বংসাবশেষের বিশদ উল্লেখ রয়েছে। তাঁর বর্ণনায় জানা যায়, সেকালে এখানে প্রাচীরঘেরা দুর্গ, পুকুর, ইটের তৈরি বাড়ি ও বসতভিটা ছিল। স্থানীয় বাওয়ালিদের কাছে এই স্থানটি ‘বড় বাড়ি’ হিসেবে পরিচিত ছিল। এছাড়া প্রখ্যাত গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ‘বাংলাদেশের প্রত্নসম্পদ’ গ্রন্থেও স্থানটিকে ‘শেখের বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই জনপদের সঙ্গে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম প্রভাবশালী শাসক রাজা প্রতাপাদিত্যের শাসনকালের যোগসূত্র রয়েছে বলে ধারণা করেন ঐতিহাসিকরা। ১৬ শতকের শেষভাগে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন প্রতাপাদিত্য। বন ও জলদস্যুদের হাত থেকে অঞ্চলকে রক্ষা করতে শিবসা নদীর তীরে তিনি দুর্গ নির্মাণ করেছিলেন বলেও বিভিন্ন ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়। শেখেরটেকের এই ধ্বংসাবশেষ সেই আমলের কোনো স্থাপনার অংশ কি না, তা নিশ্চিত করার জন্য আরও গভীর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজের ‘সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস’ গ্রন্থেও এই অঞ্চলের প্রাচীন স্থাপনা ও প্রতাপাদিত্যের আমলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, জোয়ারের পানির প্রবল চাপ এবং দীর্ঘকালের অবহেলায় মন্দিরটির বিভিন্ন অংশ একসময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেওয়ালে ফাটল ধরে এবং ইট খসে পড়ে এর অস্তিত্ব পড়েছিল চরম ঝুঁকিতে। পরবর্তীতে বন বিভাগের আর্থিক সহায়তায় এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি তত্ত্বাবধানে এর সংস্কারকাজ শুরু হয়, যা শেষ হয় ২০২৪ সালের শেষ দিকে। মূল স্থাপত্যের প্রাচীন রূপ অক্ষুণ্ন রেখেই এটি সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের যাতায়াত সহজ করতে সেখানে নির্মাণ করা হয়েছে ফুট ট্রেইল ও ওয়াচ টাওয়ার।
বিশেষজ্ঞদের মতে, এসব নিদর্শনের মূল্য কেবল তাদের বয়সের কারণে নয়; বরং এগুলো সুন্দরবনের প্রাচীন জনবসতি, সমাজকাঠামো ও মানুষের জীবনযাত্রার অমূল্য দলিল। একসময়ের জনবহুল এই এলাকা কেন এবং কীভাবে পরিত্যক্ত হলো, তার উত্তর এখনো পুরোপুরি মেলেনি।
সুন্দরবন ও বাংলাদেশ উপকূল সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক শুভ্র শচীন এ প্রসঙ্গে বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি এর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ করাও সমানভাবে জরুরি। কারণ এসব স্থাপনা নিছক পুরোনো ইট-পাথরের কাঠামো নয়, এগুলো আমাদের দক্ষিণাঞ্চলের সুপ্রাচীন জনবসতি ও সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ সাক্ষ্য। নিখুঁত গবেষণা ও যথাযথ সংরক্ষণের মাধ্যমে সুন্দরবনের পেছনের এই অজানা ইতিহাস পুরোপুরি উন্মোচিত হতে পারে।




