মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৪৩ নম্বর নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন, গজারিয়া এবং বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, খাতা ও রংপেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে আরও আগ্রহী করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা।
শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।




