পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ে চারজন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৪ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে পঞ্চম স্থানে থাকা জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়িত্ব প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ দ্বারাজুল হক।
জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।
তবে বিদ্যালয়ের শিক্ষক জ্যেষ্ঠতার তালিকায় চারজন সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে পঞ্চম স্থানে থাকা  জুনিয়র শিক্ষককে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ দ্বারাজুল হক।
অভিযোগে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অন্যান্য শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।অভিযোগকারী তার লিখিত অভিযোগে দাবি করেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও কর্মপরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব, অনিয়ম কিংবা বিধিবহির্ভূত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত ফ্যাসিস্ট সরকারের কৃষকলীগের আটোয়ারী উপজেলার সহসভাপতি পদে রয়েছে।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ দ্বারাজুল হক পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের আদেশ, জ্যেষ্ঠতার তালিকা ও সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছেন।
একই সঙ্গে কোনো অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেয়া সম্ভব্য হয়নি।
পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ দ্বারাজুল হক শিক্ষা অফিসে একটি অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top