সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গোপন বৈঠক, আবার ভারতে ফিরলেন আ.লীগের সাবেক এমপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করতে ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। বৈঠক শেষে আবারও সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন বলে দাবি করেছেন তিনি। এ ঘটনাকে ঘিরে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে সাবেক এই সংসদ সদস্য নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের একটি ভিডিও প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। সভার ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। এতে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভার কথা উল্লেখ করা হয়। আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নাম দেখা যায়।

ভিডিও প্রকাশের পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। বৈঠকের আয়োজন ও স্থান সম্পর্কে তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৈঠকের স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের দাবি, সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রনজিত সরকারের প্রবেশের সুযোগ নেই। তাঁর ধারণা, সুনামগঞ্জের নেতাকর্মীদের সিলেটের কোনো সীমান্ত এলাকায় নিয়ে বৈঠক করা হয়ে থাকতে পারে।

অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, বৈঠকটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো স্থানে হয়ে থাকতে পারে। কারণ, সভায় উপস্থিত ব্যক্তিরা সুনামগঞ্জের বাসিন্দা।

এদিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সীমান্ত এলাকায় খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই।

অন্যদিকে রনজিত সরকার এক সাংবাদিককে মেসেঞ্জারে জানিয়েছেন, বৈঠক শেষে তিনি সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। তবে তাঁর বাংলাদেশে প্রবেশ ও বৈঠকের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সীমান্ত পেরিয়ে সাবেক সংসদ সদস্যের দেশে প্রবেশ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং পুনরায় ভারতে ফিরে যাওয়ার দাবিকে কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বৈঠকের স্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভিন্ন বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top