রাজশাহীর তানোরে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয় একটি একতলা ভবনের দোকানঘরে কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। কলমা ইউনিয়নে আমাদের কয়েকটি দলীয় কার্যালয় আছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় ছিল। এ জন্য এটিকেই লক্ষ্য করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top