কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকিয়া সুলতানা (১৬) কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে অভিযুক্ত ইমন ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে ছিল।
এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ছুরিকাঘাতে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় সে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনাটি ঘিরে কুষ্টিয়া শহরজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




