যশোরের ছাতিয়ানতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২-১৫টি দোকান

যশোরের ছাতিয়ানতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ১২ থেকে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ৮ নভেম্বর গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাজারের নৈশপ্রহরীদের ভাষ্য অনুযায়ী, তাঁরা রাতে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পান। লোকজনকে খবর দেওয়ার আগেই আগুনের তীব্রতা বেড়ে আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে না পারায় শর্টসার্কিটের আশঙ্কায় কেউ তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর সাহস পাননি বলে জানান তাঁরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিয়ানতলা বাজারে এর আগেও একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে সালিশের মাধ্যমে সমাধান করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকবার রাতের প্রহরীদের জরিমানা এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বর্তমানে বাজারে রাতের নিরাপত্তা জোরদার করতে নতুন নৈশপ্রহরী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ব্যবসায়ী এটিকে পরিকল্পিত ঘটনা বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে তাঁদের এ সন্দেহের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top