নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের অবিলের বাজারে সরকারি জমিতে রাতের আঁধারে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী অভিযান চালিয়ে দোকানঘরটি উচ্ছেদ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবিলের বাজারে রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জমি ঘিরে রাতের আঁধারে একটি দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে এক ব্যক্তি সরকারি জমিতে দোকানঘরটি নির্মাণ করছেন—এমন তথ্য গোপন সূত্রে প্রশাসনের কাছে পৌঁছায়।
খবর পেয়ে রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকানঘরটি ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারি জমিতে অবৈধভাবে রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করায় সেটি ভেঙে দেওয়া হয়েছে।
সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




