এখন খেজুরের গুড় তৈরীর পূর্ণ মৌসুম চলছে। গাছে গাছে মাটির হাঁড়িতে করে রস নামানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন গাছীরা। ইতোমধ্যেই গাছ কাটার কাজ প্রায় শেষ হয়েছে।দু’একদিনের মধ্যেই রস সংগ্রহের ধুম পড়ে যাবে। রস জ্বাল করে তৈরী হবে সুস্বাদু খেজুরের গুড়। লোভনীয় গুড়ের স্বাদ নিতে দুর দুরান্ত থেকে ছুটে আসবেন ভ্রমণ পিপাসু দর্শক ও খদ্দেরগণ।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছী ও ১২ নং মিঠিপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এখন খেজুরের গুড় তৈরীর ভরা মৌসুম। ইউনিয়ন দু’টির একবারপুর,মিঠিপুর,ভাগজোয়ার, কাশিমপুর, কেশবপুর, জাহাঙ্গীরাবাদ গ্রামের বিভিন্ন রাস্তা ও পুকুরপাড়ে এ বছর দু’হাজারেরও বেশী গাছ কাটা সম্পন্ন করেছেন গাছীরা। ওই সকল মালিকানাধীন গাছগুলি চুক্তিপত্রের মাধ্যমে কয়েকটি দল বা গোত্রের নিকট লীজ দেয়া হয়েছে আগামি তিন মাসের জন্য। বহিরাগত ও স্থানীয়রা মিলে মোট ৮ টি টীম এখন ওই এলাকাসমূহে ব্যস্ত সময় পার করছেন বলে এলাকাঘুরে জানা গেছে।
আজ ৮ নভেম্বর,রবিবার সকালে কাশিমপুর গ্রামে গিয়ে দেখা গেল দু’টি গাছে চড়ে চাচা-ভাতিজা মিলে গাছ কাটছেন। চাচা জাহিদুল ইসলাম ও ভাতিজা আনিছুর রহমান গাছ ছেঁচা অবস্থায় প্রতিবেদকের সাথে কথা বলেন। কাশিমপুর,মিঠিপুর ও ভাগজোয়ার গ্রামে তাঁরা ৪০০ টি গাছ লীজ নিয়েছেন এ বছর। তন্মধ্যে প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিয়ার গাছ রয়েছে ৩০০টি। জাহিদুল ইসলাম জানান, আমাদের দলে আটজন এই কাজ করছে। গাছ ছেঁচার কাজ শেষ,আজ সন্ধ্যায় গাছে হাঁড়ি লাগানো হবে। আগামিকাল ভোরবেলা ওই হাড়ির রস সংগ্রহ করে গুড় তৈরী করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। টীমের ৮ জনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
কথা হলো, স্থানীয় ভাগজোয়ার গ্রামের আব্দুস সালামের পুত্র ৩০০ গাছ লীজকারী মো. রোমান ইসলাম আবীরের সাথে। তিনি জানান, “আমার সব গাছ ছেঁচার কাজ শেষ,আজ সন্ধ্যায় গাছে হাঁড়ি লাগানো হবে। আগামিকাল সংগৃহীত রস থেকে গুড় তৈরীর সকল কাজ সম্পন্ন করেছি।” তিনি বিগত বেশ কয়েক বছর থেকে লীজ নিয়ে থাকেন বলে জানালেন। স্থানীয় নজরুল ইসলাম সরকার প্রতি বছর ১৫০ থেকে ২০০ গাছ লীজ নিয়ে থাকেন। এ বছর তিনি ১৮০ টি গাছ লীজ নিয়ে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন।
স্থানীয় গ্রামবাসী ব্যবসায়ী শাহ্ মো. আদিল ইসলাম জানান, ” প্রতি বছরের এই সময়টিতে এই অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শণার্থী ও ক্রেতার পদচারণায় এলাকাটি মুখরিত থাকে।”
আগামি তিন মাস এলাকাটি মিলনমেলা ও উৎসব মূখর থাকবে বলেও জানান আদিল ইসলাম।




