“সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ পরে এবং হাতে ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল সরওয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ কুমার বসু এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
তারা আরও বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে সমবায় কার্যক্রম পরিচালনা করা গেলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সমবায় খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে আলফাডাঙ্গায় সমবায় আন্দোলনের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।




