কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নূর মোহাম্মদকে (৩৯) গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারুয়া গ্রামের শহিদুল আলমের ছেলে শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ। পথিমধ্যে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাঁর সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে এবং আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।




