নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালের মূল ফটকের সামনে থেকে শুরু করে মাত্র ২০-২৫ ফুট এবং ৫০-৬০ ফুট দূরত্বের মধ্যেও রয়েছে বিভিন্ন বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কয়েকটির লাইসেন্সের মেয়াদ শেষ, কোনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নেই বলেও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের সেবাব্যবস্থা, রোগী ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি অংশকে বিভিন্নভাবে প্রভাবিত করে আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাধ্যমে রোগীদের ভাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. নূরুল ইসলাম স্বাক্ষরিত গত ২২ সেপ্টেম্বরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থান ও কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে আলোচনা চলছে।
লাইসেন্স নিয়ে প্রশ্ন, কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে অভিযোগ
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব, কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার (কেডিসি), নূর ডায়াগনস্টিক সেন্টার, এশা মনি ডায়াগনস্টিক সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব ও কেডিসির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই বলে জানা গেছে। নূর ও এশা মনি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নের বিষয়টি অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে সাবেক জনসেবা নামে পরিচিত একটি প্রতিষ্ঠান নতুন করে নিউ জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে অনুমোদনের আবেদন করেছে। এ ছাড়া কেডিসির প্যাথলজি বিভাগ সিলগালা করে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, নবায়ন, অনুমোদন এবং কার্যক্রমের বৈধতা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়েও অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে কর্মরত কিছু চিকিৎসক নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে হাসপাতালের বাইরে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেন। আবার হাসপাতালের বহির্বিভাগের কোনো কোনো কক্ষে চিকিৎসকদের নিয়মিত পাওয়া যায় না। কখনো কক্ষ বন্ধ থাকে, আবার কখনো কক্ষ খোলা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকেন। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।
এমনকি জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসকের বাইরে গিয়ে রোগী দেখার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে চিকিৎসকদের উপস্থিতির রেজিস্টার, দায়িত্বের সময়সূচি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোগী দেখার তথ্য পর্যালোচনার দাবি উঠেছে।
কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের বাসিন্দা রেজাউল করিম বলেন, সরকারি বিধিবিধান এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দিকনির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের নির্ধারিত সময়ে প্রায়ই বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষ বন্ধ পাওয়া যায়। হাসপাতালের আশপাশের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের প্ররোচনায় কোনো কোনো চিকিৎসক সেখানে গিয়ে রোগী দেখেন বলেও অভিযোগ রয়েছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার পক্ষে মালিকের বক্তব্য
নূর ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম মামুন বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিষয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে সরকারি হাসপাতালের সেবাপ্রত্যাশীরা আরও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা পাবেন। যারা সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমানার বাইরে রয়েছেন এবং যারা হাসপাতালের কাছাকাছি অবস্থান করছেন, জনস্বার্থে তাদের নির্ধারিত সীমানার বাইরে স্থাপনা সরিয়ে নেওয়া প্রয়োজন।
ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাইসেন্সবিহীন ও নবায়নহীন প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি চিকিৎসকদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে নজরদারি রয়েছে। দায়িত্বে অবহেলা, কর্মস্থলে অনুপস্থিতি কিংবা সরকারি দায়িত্ব উপেক্ষা করে বাইরে রোগী দেখার অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এখন স্থানীয়দের প্রত্যাশা—সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবস্থান, লাইসেন্স এবং কার্যক্রম সরেজমিনে তদন্ত করা হোক। একই সঙ্গে সরকারি চিকিৎসকদের কর্মঘণ্টায় উপস্থিতি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কার্যকর করা হোক।




