রংপুরের পীরগঞ্জ উপজেলার আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট এর আওতায় নগর মাতৃসদন অনাকাঙ্খিত ঘটনায় ২১ দিন বন্ধ থাকার পর চালু হলেও এখনও জটিলতা কাটেনি। একটি অনাকঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে গত ২০ আগস্ট উপজেলা প্রশাসন নগর মাতৃসদনে তালা দিয়ে সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়। ইতোমধ্যে সিভিল সার্জন রংপুরের একটি তদন্ত কমিটি উক্ত বিষয়ে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদান সাপেক্ষে সিভিল সার্জন রংপুর এর বিশেষ নির্দেশে ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নগর মাতৃ সদনের তালা খুলে দিয়েছেন।
পীরগঞ্জ পৌরসভাধীন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পটি গত মার্চ/২০২৩ হতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি পরিদর্শন কালীন সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিধান সাপেক্ষে আউটডোর সেবা কার্যক্রম জনস্বার্থে চালু করা হয়েছে। তবে পরবর্তীতে সরকার কর্তৃক নির্দ্ধারিত স্টান্ডার্ড সেটআপে অবিষ্ঠিত হওয়া সাপেক্ষে ইনডোর সেবা কার্যক্রম চালুর ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আউটডোর সেবা কার্যক্রম চালু নিয়ে ছাঁটাইকৃত কর্মীদের অসন্তোষ বেড়েই চলেছে বলে জানা গেছে। নগর মাতৃসদন প্রকল্পটির বর্তমান বিশ্বরোড সংলগ্ন কার্যালয় হতে ১ নভেম্বর,২০২৬ ইং তারিখে স্থানান্তর করে পূর্বস্থানে(কলেজ রোড কার্যলয়) ফিরে আসলেও প্রজেক্ট ম্যানেজারের খেয়ালখুশী মত স্টাফ সংরক্ষণ করা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন ছাঁটাইকৃত কর্মীরা। দীর্ঘদিন পর চাকুরী হারিয়ে তাঁরা দিশেহারা হয়ে পথে পথে ঘুরছেন বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, পীরগঞ্জ পৌরসভার তত্বাবধানে ও নিয়ন্ত্রণে পরিচালিত নগর মাতৃসদনটি এখন অনিয়মের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রজেক্ট ম্যনেজার রিয়াজ উদ্দিন আহমেদ ফান্ড ক্রাইসিস দেখিয়ে কর্মী ছাঁটাই করেছেন জানালেও ছাঁটাইকৃতরা জানালেন ভিন্ন কথা। প্রজেক্টের বিভিন্ন ফান্ড আত্মসাতের কারণেই তিনি তাঁর মনঃপূত কর্মীদের রেখে বাকীদের ছাঁটাই করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী ছাঁটাইকৃত কর্মীরা। উল্লেখ্য যে, পীরগঞ্জ নগর মাতৃসদনে কর্মরত ২২ জন স্টাফের মধ্যে ১২ জনকে বহাল রেখে রংপুর সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের একটি প্রতিনিধি দল কর্তৃক মনোনীত তালিকা প্রকাশ করা হলেও প্রজেক্ট ম্যানেজার তাঁর মনঃপূত ৯ জনকে বহাল রেখে বাকী ৩ জনকেও ছাঁটাই করেন বলে অভিযোগ রয়েছে। কিসের ক্ষমতাবলে প্রজেক্ট ম্যানেজার ওই রদবদল করেছেন,তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন অভিযুক্তরা।




