রাজশাহীর বাগমারায় বিয়ের দাবিতে খ্রিস্টান নারীর মুসলিম বাড়িতে এক মাস ধরে অনশন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া মহল্লায় একটি তালাবদ্ধ বাড়ির সামনে এক মাস ধরে বসে আছেন লেটিশিয়া বিশ্বাস (২৯)। সৌদি আরবপ্রবাসী এই তরুণী নাটোরের লালপুরের বাসিন্দা। গত ১১ অক্টোবর প্রেমিক নীরব হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
লেটিশিয়ার দাবি, পাঁচ বছর ধরে নীরবের সঙ্গে তাঁর সম্পর্ক। বিয়ের আশ্বাসে নীরবের পড়াশোনা, জমি কেনা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন কেনাসহ নানা প্রয়োজনে প্রায় ১২ লাখ টাকা দিয়েছেন তিনি। ব্যাংক ও বিকাশে লেনদেনের প্রমাণও তাঁর কাছে আছে বলে জানান। তাঁর অভিযোগ, অনশনের দিন তাঁকে দেখে নীরবের মা প্রধান ফটকে তালা দিয়ে চলে যান। সেই থেকে পরিবারের কেউ ফেরেননি। এখন গবাদিপশু ও হাঁস-মুরগির দেখভালও তাঁকেই করতে হচ্ছে।
এর মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনাটি। নীরবের মা বুলবুলি বেগম রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং ৬৯০পি/২০২৬) লেটিশিয়া ও স্থানীয় গোলাপ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, ফটক ও শয়নকক্ষের তালা ভেঙে অনধিকার প্রবেশ করা হয়েছে এবং পরিবারকে ভয় দেখানো হয়েছে। মামলায় বলা হয়েছে, বাড়িতে প্রায় তিন লাখ টাকা মূল্যের দুটি গরু, আড়াই লাখ টাকা নগদ, দেড় ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলংকার রয়েছে, যা এখন ঝুঁকিতে।
বুলবুলি বেগম বলেন, তাঁর সম্পত্তি অন্যরা ভোগ করছে, তাই তিনি আদালতে গেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো অবস্থাতেই ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন না।
লেটিশিয়ার বক্তব্য, তিনি কারও ক্ষতি করতে আসেননি। চান বিয়ের প্রতিশ্রুতি ও নিজের টাকার ন্যায্য সমাধান। নিরপেক্ষ তদন্ত ও আইন অনুযায়ী বিচারও দাবি করেছেন তিনি।
নীরব হোসেনের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। দুই পক্ষের অভিযোগ কতটা সত্য, তা এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top