জশাহীতে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মুঠোফোনে অনলাইন জুয়ার সাতটি ব্যবহারকারী হিসাব ও পাঁচটি অ্যাপের সন্ধান পেয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানার একটি দল শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিতলাই গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলাম (২৬)।এ সময় তাঁদের সহযোগী মাসুম (৩৫) পালিয়ে যান। তিনিও একই গ্রামের বাসিন্দা। শুক্রবার আরএমপির মিডিয়া শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায় আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। এসব মুঠোফোনে সাতটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত দুটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের চারটি ব্যবহারকারী হিসাব এবং দুটি অ্যাপ পাওয়া গেছে। অন্যদিকে, সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এতে দুটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত তিনটি নম্বর, অনলাইন জুয়ার তিনটি ব্যবহারকারী হিসাব
এবং তিনটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, পলাতক মাসুমের সঙ্গে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মাসুমকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।




