পুলিশের ক্ষমতার প্রভাব খাটিয়ে বড় ভাইয়ের হাত ভাঙলেন পুলিশ সদস্য ভাই!জমিতে পানি দেওয়া ও পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বর্বরোচিত হামলা

খাকি পোশাকের ক্ষমতার অপব্যবহার করে আপন বড় ভাইয়ের ওপর হামলা চালিয়ে হাত ভেঙে দেওয়ার এক গুরুতর অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা ও জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে এই অমানবিক ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য মো. রাকিব হোসেন বর্তমানে সাতক্ষীরায় কর্মরত থাকলেও বর্তমানে ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছেন। আর ভুক্তভোগী বড় ভাই দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের একজন চালক হিসেবে কর্মরত।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার ও বসতঘর নির্মাণ নিয়ে পরিবারে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীর অভিযোগ, তার প্রাপ্য পৈত্রিক জমিতে সীমানা প্রাচীর দেওয়ার সময় পরিকল্পিতভাবে তার ঘরের জানালা বন্ধ করে দেওয়া হয় এবং ঘর নির্মাণে দফায় দফায় বাধা সৃষ্টি করা হয়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সকালে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্য রাকিব হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত চড়াও হন। লাঠিসোটার অবিরত আঘাতে বড় ভাইয়ের একটি হাত ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে হাতে প্লাস্টার করতে হয়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আরও জানান, এর আগেও তার বসতঘর ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল এবং এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বহুবার সালিশ-বৈঠক ও সমঝোতার চেষ্টা করলেও অভিযুক্তরা পুলিশ চাকরির ক্ষমতার দাপট দেখিয়ে কোনো সালিশ বা নিয়মের তোয়াক্কা করছেন না।
আইনের রক্ষক যখন নিজেই আইনের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করেন, তখন সাধারণ এক শ্রমজীবী মানুষের অসহায়ত্ব চরমে পৌঁছায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রকৃত ন্যায়বিচার পেতে প্রশাসনের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top