জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা গুলি চালাল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মনির (৩৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বলে স্থানীয় ও সীমান্তবর্তী সূত্রে জানা গেছে। তবে তিনি বর্তমানে জীবিত আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর বিলসংলগ্ন বড়ঘাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনির হরিহরনগর উত্তরপাড়া গ্রামের লিয়াকত ওরফে নেংটের ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সীমান্তের বড়ঘাট এলাকায় একদল বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে মনিরের পায়ে গুলি লাগে। পরে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ সময় মনিরের সঙ্গে থাকা রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) ও মশিয়ার (৪০) নামের আরও ছয়জন পাশের একটি খালে ঝাঁপ দিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন বলে জানা গেছে।

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, তিনি সীমান্তে গুলির শব্দ শুনেছেন। পরে মনিরকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন।

এদিকে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান শুক্রবার দিবাগত রাত ১২টার পর এক বার্তায় জানান, ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬/১-এস থেকে শূন্য লাইন অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে গুলির শব্দ শোনা যায়।

খবর পেয়ে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবি সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করেন বলে জানান তিনি।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল এক বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের সময় লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিজিবি ও বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে গুলির ঘটনার বিষয়ে তাঁরা অবগত হয়েছেন। বিস্তারিত তথ্য জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগের পর পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তবে গুলিবিদ্ধ মনিরের বর্তমান শারীরিক অবস্থা এবং তিনি বিএসএফের হেফাজতে জীবিত আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top