পুরোনো খুঁটির ওপর নতুন ব্রিজ! ব্যয় সাড়ে ৩ লাখ টাকা, নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের নানা প্রশ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল-আমস্বপ্ন গ্রামের প্রবেশমুখে নির্মিত একটি ব্রিজকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, পুরোনো খুঁটির ওপর নতুন ব্রিজ নির্মাণ করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের দাবি করা হচ্ছে। তবে কাজের ধরন ও নির্মাণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটির ওপরের অংশ নতুনভাবে নির্মাণ ও রং করা হয়েছে। দুই পাশে লাল-সাদা রঙের রেলিং রয়েছে। তবে পুরোনো অবকাঠামোর ওপর নতুন নির্মাণের বিষয়টি সামনে আসায় প্রকল্পের ব্যয় ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রশ্ন, মাত্র এই ধরনের একটি ব্রিজ নির্মাণে সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হয়েছে কি না? বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়েছে, নাকি নির্মাণকাজে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে পুরোনো অবকাঠামোয় জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ শেষ করার প্রবণতা বন্ধ করতে হবে। সরকারি অর্থের প্রতিটি টাকার সঠিক হিসাব নিশ্চিত করা জরুরি।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজটির নির্মাণব্যয়, প্রকল্পের বরাদ্দ, কাজের পরিমাণ ও নির্মাণের মান যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনস্বার্থে সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top