পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা মোবারক হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের আল্টিমেটাম দেন বক্তারা।
এসময় বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান ওই এলাকার জামায়াত নেতা মোবারক হোসেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




