টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিবারের মতো এবারও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে এক অনন্য গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে।
শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত এই কলেজটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক তৈরির লক্ষে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৫৮তম ব্যাচের ৪১ জন ক্যাডেট কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন এবং তাদের সবাই (৪১ জনই) জিপিএ-৫ অর্জন করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।”
তিনি এই সাফল্যের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এই কৃতিত্ব ও ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।




