তারুণ্যের শক্তি, মেধা ও প্রতিভার বিকাশ এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ (সিজন-২)’।
আজ ২৯ অক্টোবর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলাধুলার এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, সহকারী প্রধান শিক্ষক বাবু সুরঞ্জন সরকার, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, ঢুলপুষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কিবরিয়া তালুকদার এবং নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেকবর হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি সাহেবুর আলম, সাধারণ সম্পাদক এনামুল গণি তালুকদার রুবেল, সহসভাপতি সাইফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।




